
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কেবল চিকিৎসা নয়, প্রতিটি ক্ষেত্রে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতেও সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
মন্ত্রী গতকাল রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হার্ট ফেইলিওর ডিভিশন এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে হার্ট ফেলিওর বা হৃদযন্ত্রের অকার্যকরিতার উন্নত চিকিৎসা এবং বৈজ্ঞানিক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কনভেনার প্রফেসর ডঃ মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিতি ছিলেন। এছাড়া, এতে দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসক এবং বিভিন্ন মেডিকেলের চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ইমেজিংয়ের মাধ্যমে দ্রুত ও সঠিক রোগ নির্ণয় প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায় সেজন্য মানসম্মত চিকিৎসক তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশে হৃদরোগ বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরি করতে সরকার বিদেশে উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে সহায়ক হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে পেশায় নিযুক্ত এটি অত্যন্ত গৌরবের। এদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য কাঠামো তৈরি করতে চায় যেখানে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায়। তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে সেবামূলক মনোভাব নিয়ে রোগীর সেবায় আরো আন্তরিকভাবে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :