
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির খবর প্রকাশের পরই বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে নেমে আসে।
এর আগে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনো ধরনের টোল ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।
এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে তেলের দামে যে অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়েছিল, তা দ্রুত কমতে শুরু করেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার রয়টার্সকে বলেন, ব্যবসায়ীরা এখন তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, ফলে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও কমে আসছে।
উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে।
আপনার মতামত লিখুন :