
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উত্তরা মুগ্ধ মঞ্চের পেছনের লেকে এ কর্মসূচি পরিচালিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা অংশ নেন।
এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে যে অভিযান শুরু করেছেন, তারই ধারাবাহিকতায় আমরা প্রতি শনিবার বিএনপি নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি।” তিনি আরও বলেন, “আমরা শুধু রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কাজ করতে চাই না, সামাজিক ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন, তাহলে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী উপহার দেওয়া সম্ভব। এজন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রত্যেকে নিজের বাসাবাড়ির আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, বর্তমানে ডেঙ্গুর মৌসুমে বিভিন্ন স্থানে এর প্রভাব বাড়ছে। তাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং বাড়ির আঙিনা, আশপাশের এলাকা ও জলাশয়ের পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে লেকের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম,উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন ,ইমাম শরীফ বাবু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল কমানো, পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।
আপনার মতামত লিখুন :