
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তাঁর নির্বাচনী এলাকার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ৫৭ সদস্যের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি দল। বুধবার জাতীয় সংসদ ভবনে অবস্থিত ডেপুটি স্পীকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ডেপুটি স্পীকার প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাঁদের শিক্ষা ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সামনে জাতীয় সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী ও গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও নান্দনিক স্থাপনা জাতীয় সংসদ ভবনের নকশা প্রণয়ন করেছেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, ১৯৩৭ সালের নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক রেকর্ড সংরক্ষিত রয়েছে। এসব ঐতিহাসিক উপকরণ নিয়ে গবেষণার জন্য দেশ-বিদেশের গবেষকরা নিয়মিত এখানে আসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পীকার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও জনপ্রতিনিধি তৈরি হবে। তাই শিক্ষাজীবন থেকেই লক্ষ্য স্থির করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ লাভের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশেও গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পীকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের ব্যবস্থা করায় তাঁরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিদর্শনকালে জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে প্রতিনিধি দলের সদস্যরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :