নিরাপত্তাজনিত কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত


Farhan Islam প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন / ৩
নিরাপত্তাজনিত কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬

সৌদি আরবের রিয়াদগামী ও রিয়াদ থেকে ঢাকাগামী নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

এদিকে, যাত্রীদের টিকিট, ফ্লাইটের সময়সূচি এবং ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।