
রাজধানীজুড়ে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্যমতে, অপরাধ দমন ও মাদকবিরোধী এই অভিযানে মিরপুর বিভাগ সর্বাধিক ১১৪ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া মতিঝিল বিভাগ ৮৭ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, উত্তরা বিভাগ ৫০ জন, রমনা বিভাগ ৩৪ জন, গুলশান বিভাগ ৩৩ জন এবং লালবাগ বিভাগ ২৪ জনকে গ্রেপ্তার করে। ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছোরা, ১টি চাকু এবং ১টি কাটারসহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি অপরাধ কর্মকাণ্ড ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১৫৭টি সিম, ৩টি মোটরসাইকেল এবং ১টি সিএনজি জব্দ করেছে পুলিশ।
এ ছাড়া, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ লিটার ৫০০ মিলি বিদেশি মদ এবং ৯টি অ্যাম্পুল ইনজেকশন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :