
রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় ইতিহাসের মুখোমুখি মিয়ানমার। ২০১৭ সালে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের পর দেশটির বিরুদ্ধে করা গণহত্যার মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
গাম্বিয়ার করা এ মামলায় মিয়ানমারকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে পারে। রোহিঙ্গাদের কাছে এ রায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি পাওয়ার বড় উপলক্ষ। তবে রায় যাই হোক, তাদের নিরাপদে নিজ ভূমিতে ফেরার পথ এখনো কঠিন।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটি করেছিল। এ মামলায় আদালতের রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে নতুন নজির তৈরি করতে পারে।
১৯৪৮ সালে নাৎসি বাহিনীর হলোকাস্টের পর গণহত্যা সনদ স্বাক্ষরিত হয়। এরপর রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়ার মতো বিভিন্ন সংঘাতের ঘটনায় গণহত্যার দায়ে বহু ব্যক্তির বিচার ও সাজা হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি।
মিয়ানমারের বিরুদ্ধে মামলাটির নেতৃত্ব দেয়া আইনজীবী আরসালান সুলেমান বলেন, গাম্বিয়া মামলায় জয়ী হলে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তার ভাষায়, ‘এ রায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনে জবাবদিহির ধারণাকে নতুন করে শক্তিশালী করবে।’
২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের ব্যাপকভাবে বিতাড়নের ঘটনা ছিল নজিরবিহীন নির্মম এক সামরিক অভিযান। ওই সময় রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ মানুষের ভয়াবহ দুর্ভোগও যেন বাস্তব।
মিয়ানমারের সেনাদের হাতে হত্যা, নির্যাতন ও গণধর্ষণের শিকার হওয়ার যে বর্ণনা রোহিঙ্গারা দিয়েছেন, তা মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন বিস্তারিতভাবে নথিবদ্ধ করেছে।
তবে রাখাইন জনগোষ্ঠীর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষের পাশাপাশি মিয়ানমার সরকারের হাতে রোহিঙ্গাদের অবশিষ্ট গ্রামগুলো পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার ঘটনার পরও জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের সামনে মূল প্রশ্ন হলো, এসব ঘটনা গণহত্যার পর্যায়ে পড়ে কি না।
১৯৪৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে আইসিজে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধের বিচার করার জন্য আদালতটি গঠন করা হয়নি। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনায় বিচার চাওয়ার অন্য পথ খুব বেশি না থাকায় এ আদালতকেই বেছে নেয়া হয়।
মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন বা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই তারা তথাকথিত সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছিল।
জাতিসংঘের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় ‘চরম অসামঞ্জস্যপূর্ণ’ ছিল। এতে আরও বলা হয়, রাখাইন প্রদেশে গণহত্যা এবং দেশের অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের আওতায় আনা উচিত।
তবে মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে। একইসঙ্গে মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় রাখাইন প্রদেশে নৃশংসতার জন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে মামলা করা সম্ভব ছিল না।
এ অবস্থায় ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। দেশটির যুক্তি ছিল, গণহত্যা সনদের বাধ্যবাধকতা সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। তাই এই সনদ কার্যকর রাখার স্বার্থে সব রাষ্ট্রেরই ভূমিকা রাখার অধিকার রয়েছে। মামলায় শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, রাষ্ট্রকেই গণহত্যার জন্য দায়ী করা হয়।
আন্তর্জাতিক আইনে এটি ছিল এক নতুন ঘটনা। কোনো অপরাধের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও একটি রাষ্ট্র যুক্তি দেখায়, এত গুরুত্বপূর্ণ একটি সনদের লঙ্ঘন পরোক্ষভাবে তাদেরও ক্ষতিগ্রস্ত করেছে। তাই এ বিষয়ে অভিযোগ জানানোর আইনি অধিকার তাদের রয়েছে।
মিয়ানমার এ যুক্তির বিরোধিতা করলেও আইসিজের বিচারকেরা রায় দেন, গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে।
মামলাটি আরও বেশি আলোচনায় আসে যখন নোবেলজয়ী অং সান সু চি নিজেই নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে মিয়ানমারের পক্ষে প্রাথমিক আইনি লড়াইয়ে নেতৃত্ব দেয়ার সিদ্ধান্ত নেন। সে সময় তিনি দেশটির নির্বাচিত সরকারের প্রধান ছিলেন। তার এ সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনাও হয়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গ্রেপ্তার হওয়ার পর মিয়ানমারের পক্ষে মামলাটির আইনি লড়াইয়ের দায়িত্ব নেয় সামরিক বাহিনীর নিয়োগ করা নতুন একটি দল।
ইতিহাসে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে বিচারকেরা খুব কঠোর মানদণ্ড অনুসরণ করেন। নাৎসিদের মতো প্রকাশ্য গণহত্যার পরিকল্পনা না থাকলে সাধারণত আদালত এমন প্রমাণ চান, যাতে আসামিদের কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হয় যে তাদের আসলেই গণহত্যার উদ্দেশ্য ছিল।
১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা আইসিজেতে সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যার মামলা করে। এ মামলার রায় দিতে আদালতের ১৪ বছর সময় লেগেছিল। আদালত ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞের মতো ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকার করলেও সার্বিয়া রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্য ছিল, এমন পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে সার্বিয়াকে দায়ী করা হয়।
মিয়ানমারের আইনজীবী ও অং সান সু চিও একই ধরনের যুক্তি তুলে ধরেছেন। সু চি বলেছিলেন, গাম্বিয়ার আইনজীবীরা একটি জটিল সংঘাত ও সামরিক অভিযানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি স্বীকার করলেও সেটি গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ নয় বলে দাবি করেন।
তবে আরসালান সুলেমানের বিশ্বাস, তার দলের সংগ্রহ করা বিপুল পরিমাণ প্রমাণ গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য আদালতের কঠোর মানদণ্ড পূরণে যথেষ্ট। সুলেমান বলেন, ‘আমরা আদালতের সামনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের ইতিহাস তুলে ধরেছি। পাশাপাশি সেই ইতিহাস ও সংশ্লিষ্ট নীতিগুলো কীভাবে ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশনের সময় সরকারের বক্তব্য, প্রচারণা ও নীতিমালা বোঝার পটভূমি তৈরি করেছে, তা ব্যাখ্যা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ১৯৮২ সালের নাগরিকত্ব আইন এবং একের পর এক বৈষম্যমূলক আইন কঠোর করার বিষয়টি তুলে ধরেছি। এসব আইনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের সুযোগ সীমিত করা হয়েছিল। এর ফলে রোহিঙ্গাদের জীবন কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। আমাদের যুক্তি, গণহত্যার উদ্দেশ্য থাকার বেশ কয়েকটি ইঙ্গিতের মধ্যে এটিও একটি।’
আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে মিয়ানমারের গায়ে ‘সবচেয়ে জঘন্য অপরাধ’—গণহত্যা সংঘটনের তকমা লাগবে। নাৎসি জার্মানি, রুয়ান্ডার হুতু সশস্ত্র গোষ্ঠী এবং স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ চালানো বসনীয় সার্বদের সঙ্গে একই কাতারে দাঁড়াতে হবে দেশটিকে।
এমন রায় মিয়ানমারের বর্তমান শাসক জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য বড় ধাক্কা হতে পারে। ২০১৭ সালে সামরিক বাহিনীর অভিযানের জন্য মূলত তিনিই দায়ী ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।
আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। তবে আদালতের রায়ের সঙ্গে কোনো শাস্তির বিধানও যুক্ত নেই।
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং মূলত প্রতিবেশী এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে মনোযোগী। এশিয়ার এসব দেশ আদালতের রায়কে খুব বেশি গুরুত্ব দেবে না বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে তার আগ্রহ আরও কম।
তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল প্রবাসী অংশের কাছে এ রায়ের গুরুত্ব অনেক। যদিও বাংলাদেশে এখনো ১০ লাখের বেশি রোহিঙ্গা মানবেতর পরিবেশে শরণার্থীশিবিরে আটকে রয়েছেন। আন্তর্জাতিক সহায়তার অর্থায়ন কমে আসায় তাদের কর্মসংস্থানের সুযোগও নেই।
অন্যদিকে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের পথে বাধা অনেক। রাখাইন প্রদেশ এখন মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে বিপর্যস্ত। প্রদেশটির বেশিরভাগ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর সমর্থন রয়েছে তাদের প্রতি। আর এই জনগোষ্ঠী রোহিঙ্গাদের ফিরে আসার ধারণার প্রতি অত্যন্ত বিরূপ।
রোহিঙ্গাদের অনেক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বছরের পর বছর ধরে তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থনও কমে এসেছে। বিশ্বের সর্বোচ্চ আদালত থেকে নজিরবিহীন গণহত্যার রায় এলেও এই বাস্তবতা বদলে দেয়া সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :